তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব এবং নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত ১৭ নভেম্বরের এক নোটিশে সভার বিষয়টি জানানো হয়।

নোটিশ অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে গার্মেন্টসশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় আলোচ্যসূচিতে রয়েছে মালিকপক্ষের প্রতিনিধির লিখিত মজুরি প্রস্তাব দাখিল এবং পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।

সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। তবে মালিকপক্ষ তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চায়। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে নতুন মজুরির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।