পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া বাড়ানো যাবে না। কেউ এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় গার্মেন্টস শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে শ্রমিক অসন্তোষ নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন অবশ্যই বাড়বে। পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের নিয়ম থাকলেও অন্তর্বর্তী সরকারের উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সরকার কাজ করছে এবং এ নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির মালিকরা যেন বাড়িভাড়া বৃদ্ধি না করেন। এ ক্ষেত্রে বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক অধ্যুষিত কোনো এলাকায় বাড়ির মালিকরা ভাড়া বাড়ালে শ্রমিকদের প্রশাসনকে বিষয়টি জানাতে হবে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এ নির্দেশনা শুধু সাভার নয়, দেশের সব পোশাকশ্রমিক অধ্যুষিত এলাকার জন্য প্রযোজ্য হবে।