বাংলাদেশে ৬ থেকে ২৩ মাস বয়সী ৬২ শতাংশ শিশু খাদ্যদারিদ্র্যের মধ্যে রয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এ বয়সী মাত্র ২৮ শতাংশ শিশু মানসম্পন্ন খাবার পায়। গবেষণাটি করেছে ইউনিসেফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট।
বাংলাদেশে ছয় মাস থেকে দুই বছরের কম বয়সী শিশুদের বড় একটি অংশ বয়স অনুযায়ী বৈচিত্র্যপূর্ণ ও পুষ্টিকর খাবার পাচ্ছে না। নতুন এক গবেষণায় দেখা গেছে, দেশের ৬ থেকে ২৩ মাস বয়সী ৬২ শতাংশ শিশু খাদ্যদারিদ্র্যের মধ্যে রয়েছে। একই বয়সী ২০ শতাংশ শিশু খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যেও আছে।
ইউনিসেফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছে। এতে সহায়তা করেছে সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
গবেষণায় খাদ্যদারিদ্র্য বলতে শিশুদের খাবারে প্রয়োজনীয় বৈচিত্র্যের অভাব বোঝানো হয়েছে। আর খাদ্যনিরাপত্তাহীনতা বলতে পর্যাপ্ত খাবার পাওয়ার সুযোগের ঘাটতিকে বোঝানো হয়েছে। গবেষকদের মতে, খাবারের পরিমাণ থাকলেও প্রয়োজনীয় বৈচিত্র্য না থাকলে শিশুর অপুষ্টির ঝুঁকি তৈরি হতে পারে।
গবেষণার ফলাফল উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. রুহুল আমিন জানান, ছয় মাস বয়সের পর ৯২ শতাংশ শিশুকে সম্পূরক খাবার দেওয়া শুরু হয়। তবে মাত্র ৩৮ শতাংশ শিশুর খাবারে বৈচিত্র্য রয়েছে। মানসম্পন্ন খাবার পায় মাত্র ২৮ শতাংশ শিশু।
গবেষণায় আরও দেখা গেছে, ৬ থেকে ২৩ মাস বয়সী ৯৩ দশমিক ৬ শতাংশ শিশু মায়ের দুধ পান অব্যাহত রাখে। তবে ডিম, মাছ-মাংস, ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ফল ও শাকসবজি এবং দুধ খাওয়ার হার তুলনামূলক কম। এসব খাবার গ্রহণের হার ২৪ থেকে ৪৫ শতাংশের মধ্যে।
গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে দেশের আট বিভাগের আট জেলার ২৫টি উপজেলা থেকে। এতে ৪০৫ জন শিশুর তথ্য এবং তাঁদের মা বা সেবাদানকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পাশাপাশি ৪০ জন স্বাস্থ্যকর্মী ও নীতিনির্ধারকের সাক্ষাৎকার এবং ২৫ জন সেবাদানকারীর দলগত আলোচনার তথ্যও বিশ্লেষণ করা হয়েছে।
শিশুদের খাওয়ানোর ক্ষেত্রে নানা সমস্যার কথাও উঠে এসেছে গবেষণায়। ৮১ শতাংশ সেবাদানকারী জানিয়েছেন, শিশুকে খাবার খাওয়ানোর সময় তাঁরা বিভিন্ন অসুবিধার মুখে পড়েন। তাঁদের মধ্যে ৩৬ শতাংশ সময়ের অভাব, ৩৩ শতাংশ প্রয়োজনীয় ধারণা বা জ্ঞানের ঘাটতি, ৩২ শতাংশ খাবার কিনতে না পারা এবং ২১ শতাংশ সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কথা জানিয়েছেন।
গবেষণায় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা পুষ্টিকর খাবারের উচ্চমূল্য, সহজলভ্যতার অভাব, তথ্য ও জ্ঞানের ঘাটতি এবং বাজারের প্যাকেটজাত খাবারকে শিশুদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে বাধা হিসেবে চিহ্নিত করেছেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী জানান, ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের খাবারসংক্রান্ত নির্দেশিকা ২০০৭ সালে তৈরি হয়েছিল। সময়ের প্রয়োজনে সেটি হালনাগাদ করা দরকার।
জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, শিশুদের সঠিক খাবার নিশ্চিত করতে অভিভাবকদের মধ্যে সচেতনতা ও আচরণগত পরিবর্তন জরুরি। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া পরামর্শ যেন পরিবারের কাছেও পৌঁছায়, সে ব্যবস্থাও করতে হবে।