আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আইপিএল ২০২৭-এর মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে বাংলাদেশের ১২ ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। তালিকায় নেই সাকিব আল হাসানও।
আইপিএলের আগামী আসরের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হলেও প্রাথমিক তালিকায় জায়গা হয়নি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। একই তালিকায় নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নামও।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো আইপিএল ২০২৭-এর প্রাথমিক নিলাম নিবন্ধন তালিকা থেকে এ তথ্য জানা গেছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ১২ জন ক্রিকেটার এই তালিকায় রয়েছেন।
তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এর আগে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় আলোচনা তৈরি হয়েছিল। ২০২৬ আসরের জন্য নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এবারের আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিলামের আগে ১০টি ফ্র্যাঞ্চাইজি ১৮৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। দলগুলোর জন্য মোট ৬৬টি জায়গা খালি রয়েছে, যার মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক নিবন্ধন তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটারের নাম রয়েছে। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার।
তবে মোস্তাফিজের আইপিএল ২০২৭-এ খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিসিসিআইয়ের প্রাথমিক তালিকার বাইরে থাকা খেলোয়াড়দের নাম অন্তর্ভুক্ত করার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে ২৭ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত নাম প্রস্তাবের সুযোগ দেওয়া হয়েছে। এরপর চূড়ান্ত নিলাম তালিকা প্রস্তুত করা হবে।