সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও সিরাত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।
ঢাকার সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও সিরাত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সাভার পৌর এলাকার থানা রোডের মুক্তির মোড়সংলগ্ন সূচনা পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন।
এ সময় জাবাল-ই-নূর আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন উদ্দিনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশন পরিচালিত পাঁচটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাবাল-ই-নূর মডেল মাদরাসা। পরে বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।