প্রতিষ্ঠার ৫৯ বছরে সাভার সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের তথ্যমতে, এতে অংশ নিতে নিবন্ধন করেছেন প্রায় দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী।

সাভার সরকারি কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়। ‘এসো মিলি হৃদয়ের টানে’ স্লোগানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা জানান আয়োজকরা।

ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের উদ্যোগ ও তত্ত্বাবধানে আয়োজিত এ মিলনমেলা ঘিরে তিন দিন আগে থেকেই রঙিন আলোকসজ্জায় সাজানো হয় কলেজ ক্যাম্পাস। আয়োজকরা জানান, প্রস্তুতি কাজের অগ্রগতি তিনি নিজে উপস্থিত থেকে তদারকি করেছেন।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত কলেজটি গড়ে উঠেছে সাভারের তৎকালীন শিক্ষানুরাগী ও সমাজসেবক রাখাল চন্দ্র সাহার স্ত্রী প্রিয়বালা সাহার দান করা জমিতে। প্রায় ছয় দশক ধরে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা প্রতিষ্ঠানটির পথচলাকে স্মরণীয় করে রাখতেই প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগ।

আয়োজন সফল করতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লাকে আহ্বায়ক করে ৪১ সদস্যের উদযাপন কমিটি গঠন করা হয়। পাশাপাশি কাজ ভাগ করে নিতে গঠন করা হয় ১৩টি উপ-কমিটি।

কর্মসূচি অনুযায়ী, সকালে শিক্ষার্থীদের অভ্যর্থনা ও উপহার বিতরণের মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হওয়ার কথা। এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের কর্মসূচি রাখা হয়। দিনভর ধর্মগ্রন্থ পাঠ, স্বাগত নৃত্য, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনা, আমন্ত্রিত শিল্পীদের সংগীতানুষ্ঠান ও র‌্যাফেল ড্র ছিল আয়োজনের অংশ।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এবং বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিনের উপস্থিত থাকার কথা ছিল।

উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লা কলেজের সব প্রাক্তন শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থেকে আয়োজনটি প্রাণবন্ত করে তোলার আহ্বান জানান। আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘদিনের চেনা আঙিনায় পুরোনো বন্ধুদের সঙ্গে এই মিলন অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।