সাভারে সাইবার নিরাপত্তা, নাগরিক তথ্য সুরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকার সাভারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে “সাইবার নিরাপত্তা, নাগরিক তথ্য সুরক্ষা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৬ ও ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সাভার উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা, নাগরিকদের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং দৈনন্দিন দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর কার্যকর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (BANBEIS)-এর সহকারী প্রোগ্রামারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক প্রযুক্তির নিরাপদ ব্যবহার, সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্যের গোপনীয়তা রক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও দক্ষ করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত দক্ষতা ও সাইবার সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিরাপদ, স্মার্ট ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রযুক্তির নিরাপদ ব্যবহার, নাগরিক তথ্যের সুরক্ষা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।